প্রিন্ট এর তারিখঃ Jun 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
ওজনে কম, মোড়কজাতে অনিয়ম: ঢাকায় ডিএমআইর বিশেষ অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে সতর্ক

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ঢাকা, ২১ জুন: ভোক্তাদের স্বার্থে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এবং মোড়কজাত খাদ্যপণ্যের মান যাচাইয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বিভাগীয় মেট্রোলজি ইন্সপেক্টরেট (ডিএমআই), ঢাকা।
রোববার (২১ জুন) ডিএমআই অফিসের অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মোন্নাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মিষ্টির দোকান, বেকারি, দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ফিলিং স্টেশন এবং মাছ বাজার পরিদর্শন করা হয়।
অভিযানে মেরুল বাড্ডার ফুলকলি সুইটস লিমিটেড ও পিওর ডেইরি ফার্ম সুইটস এন্ড বেকারী-এর উৎপাদিত দইয়ে মোড়কে উল্লেখিত পরিমাণের তুলনায় ওজনে কম পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটি প্রয়োজনীয় পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ দেখাতে পারেনি এবং ভেরিফিকেশন সনদ নবায়ন ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করছিল। এ কারণে তাদের সতর্ক করে দ্রুত সনদ গ্রহণ ও নবায়নের নির্দেশ দেওয়া হয়।
বিসমিল্লাহ সুইটস এন্ড বেকারী-এর বিভিন্ন মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, নীট পরিমাণ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্যের তথ্য না থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। পাশাপাশি ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ নবায়নের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে রয়েল ডেইরি ফার্ম সুইটস এন্ড বেকারী-এর পণ্যে ওজন সঠিক এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ হালনাগাদ পাওয়া যায়। তবে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য বাজারজাত করায় দ্রুত সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
রামপুরার রাজভোগ সুইটস এন্ড বেকারী-তেও উৎপাদিত দইয়ের ওজন নির্ধারিত পরিমাণের চেয়ে কম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
এদিকে টেস্টি ট্রিট-এর বাজারজাত পণ্যে ওজন সঠিক এবং পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ বিদ্যমান থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।
জ্বালানি পরিমাপ যাচাইয়ে মেরুল বাড্ডা ফিলিং স্টেশন ও হাজী ফিলিং স্টেশন-এ কোনো অনিয়ম পাওয়া যায়নি। উভয় প্রতিষ্ঠানে জ্বালানির পরিমাণ সঠিক থাকায় তাদের প্রশংসা করা হয়।
এ ছাড়া রামপুরা মাছ বাজারে ব্যবহৃত ওজনযন্ত্রের সঠিকতা ও ভেরিফিকেশন সনদ পরীক্ষা করা হয়। যেসব ব্যবসায়ী সনদ ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করছিলেন, তাদের সতর্ক করে দ্রুত ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
ডিএমআই জানিয়েছে, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. মুকুল মৃধা, পরিদর্শক মো. হাসিবুর রহমান এবং মো. রাজু আহমেদের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করে। জনস্বার্থে সঠিক ওজন-পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট